বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের একটি সংগঠন। এ দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের শহীদ মিনারের সামনে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, যেখানে পাকিস্তানিরাও বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার সাহস পায়নি, সেখানে আওয়ামী লীগের তথাকথিত এক সাংসদ এ ধরনের দুঃসাহস দেখিয়েছেন। তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় চিহ্নিত গণদুশমনদের কেউ কেউ সংসদে বসে আছেন। দলের কতিপয় নেতা তাঁদের আশ্রয় দিচ্ছেন। যাঁরা আশ্রয় দিচ্ছেন, তাঁদের মনেও কালিমা রয়েছে।
সমাবেশে সিটি করপোরেশনের কাউন্সিলর নিলু নাগ বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলদের ঠাঁই হবে না বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু দলে এম এ লতিফ নামের একজন বসন্তের কোকিল রয়ে গেছেন। তাঁর সংসদ সদস্য পদ বাতিল করতে হবে।
একই দাবি জানান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীও।
সমাবেশে অন্য বক্তারা বলেন, এম এ লতিফ শুধু বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেননি, তিনি বাঙালির হৃদয়কে রক্তাক্ত করেছেন। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার পরও তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাঁর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের নৈশ শাখার সহসভাপতি রাজীব হাসান।
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে সাংসদ এম এ লতিফের উদ্যোগে আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগানো হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তাঁর নয়। সাংসদ লতিফের শরীরে কম্পিউটার-কারসাজির মাধ্যমে মুখমণ্ডল যুক্ত করা হয়েছে। পরে গত ৭ ফেব্রুয়ারি সাংসদ এম এ লতিফের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ব্যানার ও ফেস্টুন ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার। এর আগে সাংসদ লতিফ ছবি বিকৃতির জন্য ডিজাইনারকে দায়ী করেন।