লন্ডন গন্তব্যে বিমানের চতুর্থ ফ্লাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-লন্ডন-ঢাকা গন্তব্যে চতুর্থ ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চতুর্থ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, এখন থেকে লন্ডন গন্তব্যে বিমান থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি শুক্র, শনি, রবি ও বুধবার এসব ফ্লাইট চলবে। এই চার দিনই বেলা ১১টায় বিমানের লন্ডন ফ্লাইট (বিজি-০০১) ঢাকা ছেড়ে যাবে এবং লন্ডনে পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় বিকেল চারটা পাঁচ মিনিটে। ওই দিনই লন্ডন থেকে সন্ধ্যা সোয়া ছয়টায় ফিরতি ফ্লাইট ছাড়বে এবং বাংলাদেশ সময় পরদিন দুপুর ১২টায় সিলেট হয়ে ঢাকা পৌঁছাবে।
১৯৭২ সাল থেকে ঢাকা-লন্ডন-ঢাকা গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে বাংলাদেশ বিমান। একসময় প্রতিদিনই ফ্লাইট ছিল। পরবর্তী সময়ে উড়োজাহাজ সংকটসহ বিভিন্ন কারণে তা কমে তিনটিতে নেমে আসে। এখন বিমানবহরে চারটি নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর যুক্ত হয়েছে। এসব উড়োজাহাজ দিয়েই লন্ডন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।