লন্ডন ছাড়ার আগ মুহূর্তেও বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত সফর শেষে লন্ডন থেকে দেশে ফেরার মুহূর্তেও বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার বিকেলে হিলটন পার্ক লেইন হোটেলের সামনে এই বিক্ষোভের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও পাল্টা বিক্ষোভ দেখান।
বিক্ষোভকালে বিএনপির নেতা-কর্মীরা ডিম ও বোতল নিক্ষেপ শুরু করলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করে কিছুক্ষণ পর ছেড়ে দেয়।
হোটেলের সামনে যখন দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন ব্রিটিশ পার্লামেন্টে ‘বাংলাদেশ ও এর ভবিষ্যৎ’ শীর্ষক একটি বিতর্কে অংশ নিচ্ছিলেন এমপিরা। বিতর্কে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় কমিটির সভাপতি অ্যান মেইন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংঘাত এত দূর পাড়ি দিয়ে আমাদের পার্লামেন্টের সামনে হাজির হওয়া দুঃখজনক।’
গত সোমবারও পার্লামেন্টের সামনে ওই নেতা-কর্মীরা উত্তেজনায় জড়ান। এর উল্লেখ করে বিতর্কে অ্যান মেইন বলেন, বাংলাদেশের অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতি বিদেশে থাকা দলীয় সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশে-দেশে তারা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
শেখ হাসিনা গত শুক্রবার ওই ব্যক্তিগত সফরে যান। ছয় দিনের সফর শেষে বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন। সফরকালে তিনি পশ্চিম লন্ডনের ওই হোটেলে অবস্থান করছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের ছয় দিনই বিক্ষোভ করেছে বিএনপির যুক্তরাজ্য শাখা। আর বুধবার প্রধানমন্ত্রীর বিদায় মুহূর্তে বড় বিক্ষোভ দেখায় তারা। বেলা একটার দিকে শতাধিক নেতা-কর্মী হোটেলের সামনে অবস্থান নেন। প্রায় কমসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মীও হাজির হন দলীয় সভানেত্রীকে বিদায় জানাতে।
বিক্ষোভের সময় হাতে ব্যানার আর মাথায় কালো কাপড় বাঁধা বিএনপির নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও হাইকমিশনের কর্মকর্তাদের দিকে ডিম ও বোতল ছুড়ে মারেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর কড়া পুলিশি নিরাপত্তায় বিমানবন্দরের উদ্দেশে হোটেল ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরকে কেন্দ্র করেও স্থানীয় বিএনপি কেন বিক্ষোভ করল; আবার আওয়ামী লীগই বা কেন প্রতিদিন প্রধানমন্ত্রীকে ঘিরে জটলা পাকাল—এসব প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ বলেন, বাংলাদেশে প্রায়ই যে গুম-খুনের ঘটনা ঘটছে তাতে মানুষ ক্ষুব্ধ। ভুক্তভোগী মানুষের আত্মীয়স্বজনেরা যুক্তরাজ্যে আছেন। বিক্ষোভ করে তাঁরা তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। তা ছাড়া ভোটারবিহীন নির্বাচন করে শেখ হাসিনা বাংলাদেশের সুনাম নষ্ট করেছেন। গণতন্ত্র ফিরিয়ে ওই সুনাম পুনরুদ্ধারের জন্য তাঁরা ছয় দিনই লাগাতার বিক্ষোভ করেছেন।
এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি দেশে যেমন অপতৎপরতা চালাচ্ছে, তেমনি বিদেশিদের কাছে বাংলাদেশকে ক্ষুণ্ন করতে বিক্ষোভের নামে ‘অসভ্য’ আচরণ করছে।