লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম গার্ল সামিটে যোগদানের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার বিকেলে লন্ডনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরে গেছেন। খবর বাসসের।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠেয় এ সামিটে প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতাসম্পন্ন ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় গতকাল বেলা তিনটা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যু্ক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে লন্ডনের হিলটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। এর আগে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা সকাল নয়টা ৪৫ মিনিটে লন্ডনের উদ্দেশে
হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) এবং শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ (সিইএফএম) অবসানে যুক্তরাজ্য সরকার এবং ইউনিসেফ যৌথভাবে এই গার্ল সামিট আয়োজন করছে। বাংলাদেশসহ বিশ্বের ৫২টি দেশের প্রতিনিধিরা এ সামিটে যোগ দিচ্ছেন।