লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও পূর্ব ইউরোপীয় প্রজাতন্ত্র বেলারুশে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। খবর বাসসের।গতকাল লন্ডনের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী হিথরো বিমানবন্দরে পৌঁছান। ৮ জুলাই পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে হোটেল হিলটনে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি এই হোটেলেই থাকবেন।সন্ধ্যায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা। আজ লন্ডনে বাংলাদেশ কমিউনিটি সভায় তিনি ভাষণ দেবেন। ৮ জুলাই তিনি যুক্তরাজ্যের ব্যারন ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক প্রাতরাশে যোগ দেবেন। একই দিন বেলারুশের রাজধানী মিনস্কের উদ্দেশে তিনি লন্ডন ত্যাগ করবেন। ত্রাণ তহবিলে বেপজার দুই কোটি ৮৬ লাখ টাকা দান: রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের সহায়তায় গত বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৬৮২ টাকা দিয়েছে। বেপজার পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল কে এম মমিনুর রহমান ও সদস্য সৈয়দ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে ওই টাকার চেক তুলে দেন।