লন্ডন ফ্লাইটে জালিয়াতি: বিমানের নথি দুদকে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটে জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত পণ্য পরিবহনের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে নথি সরবরাহ করেছে বিমান। আজ বৃহস্পতিবার বিকেলে বিশেষ বাহকের মাধ্যমে দুদকের চাহিদা মোতাবেক এসব নথিপত্র পাঠিয়েছে সংস্থাটি।
গত সপ্তাহে এ-সংক্রান্ত নথিপত্র চেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি পাঠান দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। তিনি এ অভিযোগের অনুসন্ধান করছেন।
বিমান সূত্র জানায়, গত ৩ জুলাই ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের লন্ডন ফ্লাইটে জালিয়াতির আশ্রয় নিয়ে ৩ হাজার ৩৩৪ কেজি মালামাল পাঠানো হয়। উড্ডয়নের পর অতিরিক্ত জ্বালানি পুড়ছে দেখে ওই ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াকের সন্দেহ হয়। এরপর লন্ডনে অবতরণের পর তিনি সব মালামাল ওজন করান। তাতে দেখা যায়, কাগজপত্রে হিসাবের অতিরিক্ত ৩ হাজার ৩৩৪ কেজি পণ্য রয়েছে। বিষয়টি ঢাকায় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে এবং কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু দুই মাসেও কমিটি তদন্ত শেষ করতে পারেনি।
বিমানের দায়িত্বশীল একটি সূত্র জানায়, কার্গো শাখা থেকে পাঠানো অতিরিক্ত ওই মালামাল পরিবহনের ভাড়া প্রায় এক কোটি টাকা, যা বিমানের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিন ধরে কার্গো শাখায় একটি চক্র এভাবে অতিরিক্ত মালামাল পাঠিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এই শাখার প্রধান হলেন একজন মহাব্যবস্থাপক (জিএম)। কিন্তু লন্ডন ফ্লাইটে জালিয়াতির ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে, তার প্রধান একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। এই কর্মকর্তাকে দিয়ে তাঁর চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন আছে। তার ওপর তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে বিমানের ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।