লন্ডনপ্রবাসী দুই ব্যক্তি চালানটি দেশে পাঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের চালানে কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে দুজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফা ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের খাসকামরায় তাঁরা জবানবন্দি দেন।
জবানবন্দির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বলিভিয়া-উরুগুয়ে-সিঙ্গাপুর হয়ে তেলের চালানটি বাংলাদেশে এসেছে বলে জবানবন্দিতে তাঁরা স্বীকার করেছেন। লন্ডনে বসবাস করা বাংলাদেশি দুই ব্যক্তি চালানটি দেশে পাঠান। খালাসের জন্য গোলাম মোস্তফা ও মেহেদি আলমের সঙ্গে তাঁরা কথা বলেন। তদন্তের স্বার্থে এর বেশি জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
তদন্ত কর্মকর্তা বলেন, গোলাম মোস্তফা ও মেহেদি আলমকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁরা চালানটি আনার সঙ্গে কারা জড়িত, কীভাবে চালানটি বাংলাদেশে এসেছে, তার বর্ণনা দেন জবানবন্দিতে। জবানবন্দিতে চালান আনার ঘটনায় জড়িত আরও অনেকের নাম এসেছে।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
২৭ জুন সূর্যমুখী তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।
এ ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। পরে আদালত আলামত পরীক্ষার নির্দেশ দিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, জবানবন্দি শেষ হওয়ার পর দুই আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলাটি খুবই স্পর্শকাতর হওয়ায় দুই আসামির জবানবন্দিতে আসা তথ্যগুলো তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। কোনো তথ্য ফাঁস হলে পলাতক আসামিরা সুযোগে নিতে পারেন। তাই জবানবন্দিতে আসা তথ্যগুলো শুধু তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।
মামলায় গ্রেপ্তার অপর চার আসামি হলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম, কসকো শিপিং লাইনস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ, মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল।