লন্ডনে আইনমন্ত্রীর বৈঠক, ঢাকায় ব্রিটিশ কোম্পানির প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ বিমানের লন্ডনগামী যাত্রীবাহী ফ্লাইটকে নির্বিঘ্ন রাখার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে লন্ডন সফররত আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর ট্রান্সপোর্ট লর্ড আহমেদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন।
আনিসুল হক এ পর্যন্ত বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন বলে যুক্তরাজ্যের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
এদিকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা রেডলাইনের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকায় এসেছে। তারা সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে বেবিচক সূত্রে জানা গেছে।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার জন্য যুক্তরাজ্য সে দেশের যে চারটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে, রেডলাইন তাদের অন্যতম। তবে ওই তালিকার বাইরে থাকা কন্ট্রোল রিস্ক নামের আরেকটি প্রতিষ্ঠানের এক প্রতিনিধিও গতকাল ঢাকায় এসেছে বলে জানা গেছে।
এদিকে যুক্তরাজ্যের প্রস্তাবিত চার প্রতিষ্ঠানের একটি গ্রুপ ফোর এসের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী গতকাল বিকেলে এ প্রতিবেদককে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে গ্রুপ ফোর এসের বাংলাদেশ কিংবা যুক্তরাজ্য দপ্তরের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দুবাই, হিথ্রোসহ বিশ্বের ১২০টি বিমানবন্দরে নিরাপত্তার কাজে গ্রুপ ফোরের অভিজ্ঞতা আছে।
নিরাপত্তার ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ ঘাটতি থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্য ৮ মার্চ সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ৩১ মার্চ দুই দেশের সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কাজ শুরু না হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলেছেন।