লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লন্ডনের ওয়াটারলিলি হলে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুদিনের ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা। বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন, ইন্টারনেটের মাধ্যমে বিদেশি কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিরা কীভাবে সেবা পেতে পারেন, তা দেখানোই এ মেলার মূল লক্ষ্য।
লন্ডনে ই-কমার্স মেলার দ্বিতীয় আয়োজন। দুদিনের এই মেলা চলবে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। আজ শনিবার শেষ হবে এই মেলা। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, হাই-টেক পার্ক অথরিটি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহায়তায় প্রযুক্তি-বিষয়ক মাসিক প্রকাশনা কম্পিউটার জগৎ এ মেলার আয়োজন করে।
গতকাল সকাল নয়টায় মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার স্থান নির্ধারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আরও ভালো কোনো জায়গায় মেলার আয়োজন করা উচিত ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্যের কনজারভেটিভ দলীয় এমপি পল স্কালি প্রমুখ।
মেলার অন্যতম স্পনসর এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদও মেলার স্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, লন্ডনের কোনো বাণিজ্যিক এলাকার ফাইভ স্টার হোটেলে এ আয়োজন হওয়া উচিত ছিল।
তবে মেলার মূল আয়োজক কম্পিউটার জগৎ-এর প্রধান নির্বাহী আবদুল ওয়াহেদ আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, লোকজনের উপস্থিতি গতবারের চেয়ে ভালো।