লন্ডনে কমনওয়েলথ কর্মকর্তার সঙ্গে তারেকের বৈঠক
বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ফের তাগিদ দিয়েছে কমনওয়েলথ। এ লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত অর্থবহ সংলাপের তাগিদ দিয়েছে ৫৩ দেশের এ জোট।
গত মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের রাজনীতিবিষয়ক উপমহাসচিব মাসেগো মাসিরে-মুয়াম্বা এ অভিমত দেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে মাসেগো মাসিরের সঙ্গে দেখা করেন।
লন্ডন বিএনপির সূত্রগুলো এ বৈঠক সম্পর্কে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
তবে গতকাল বুধবার বিকেলে কমনওয়েলথ সচিবালয়ের মুখপাত্র রিচার্ড উকুর সঙ্গে ই-মেইলে ও মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি।
লন্ডন বিএনপির সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থায়ী ওই বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত থাকার ব্যাপারে গভীর উদ্বেগ জানানো হয়।
সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার দেওয়া বিবৃতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। মাসেগো মাসিরে-মুয়াম্বা কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারেক রহমান জানান, রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।