লন্ডনে জিসিএমের বিরুদ্ধে বিক্ষোভ আজ
কয়লার খনিতে বিনিয়োগকারী জিসিএমের বিরুদ্ধে আজ সোমবার লন্ডনের টাওয়ার হিলে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ব্রিটেনের সোশালিস্ট পার্টির সঙ্গে যুক্ত বাংলাদেশ কমিউনিটি এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখা। টাওয়ার হিলের স্কেপটার সেন্টারে সকাল সাড়ে ১০টায় ওই প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হওয়ার কথা। দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে আগ্রহী প্রতিষ্ঠান এশিয়ান এনার্জি জিসিএমের সহযোগী প্রতিষ্ঠান। জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিসিএম বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে খনিতে বিনিয়োগ করতে মূলধন সংগ্রহের জন্য লন্ডনে বিকল্প বিনিয়োগ বাজারে (এআইএম) শেয়ার ছাড়ার উদ্যোগ নিয়েছে তারা। বেআইনি এই উদ্যোগের প্রতিবাদেই শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। বিজ্ঞপ্তি।