লন্ডনে টিউব স্টেশনে অবৈধ অভিবাসী ধরার অভিযান
লন্ডনে অবৈধ অভিবাসীদের উদ্দেশে বিতর্কিত ‘দেশে ফিরে যাও’ প্রচারাভিযানের পর এখন শুরু হয়েছে গণপরিবহনের যাত্রীদের আকস্মিক পরিচয়পত্র যাচাইয়ের অভিযান। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ভূতল পরিবহন—লন্ডন আন্ডারগ্রাউন্ডের কেনসাল গ্রিন স্টেশনে যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ দপ্তর (ইউকে বর্ডার এজেন্সি) একদল পোশাকধারী কর্মকর্তা আকস্মিক অভিযান পরিচালনা করেন। গতকাল বুধবার সকালে পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ড স্টেশনেও একই ধরনের অভিযান পরিচালিত হয়।ওই কর্মকর্তারা সন্দেহভাজনদের পরিচয়পত্র ও অভিবাসনের কাগজপত্র যাচাই করতে শুরু করেন। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে এই অভিযানের ছবি দিয়ে অনেক প্রত্যক্ষদর্শী সেখানে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা বলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সব কর্মকর্তা শ্বেতাঙ্গদের বিষয়ে তেমন একটা আগ্রহী ছিলেন না। মূলত তাঁদের জিজ্ঞাসাবাদের শিকার হন এশীয় ও আফ্রিকা ক্যারিবীয় বংশোদ্ভূত যাত্রীরা।