লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার যুক্তরাজ্য স্টুডিওতে তাঁর ওপর এই হামলা চালানো হয়। হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থ আছেন।
সোমবার রাতে এটিএন বাংলার লন্ডন স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত ‘মুক্ত সংলাপ’ নামের একটি টক শোতে অংশ নিতে যান তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর প্রস্তুতিপর্বে তিনি লবিতে অপেক্ষা করছিলেন, তখন অজ্ঞাতনামা দুই যুবক সেখানে প্রবেশ করে তাঁকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। তখন হামলাকারীরা তাঁর ওপর ডিম ছুড়ে মারে। ইতিমধ্যে মন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এবং এটিএনের লোকজন সেখানে ছুটে এসে হামলাকারীদের ধরার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
অনুষ্ঠানটির উপস্থাপক বুলবুল হাসান জানান, মন্ত্রী নিচতলায় স্টুডিওটি ছিলেন, আর তিনি ছিলেন দোতলায়। হইচই শুনে তিনি নিচে দেখেন হামলাকারীরা পালিয়ে যাচ্ছে। পুলিশ এসে উপস্থিত লোকজনের জবানবন্দি নেয়।
তথ্যমন্ত্রী প্রথম আলোকে জানান, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর ওপর এই হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, এমন একটি অনুষ্ঠানে যাতে আমি কথা বলতে না পারি, সে জন্যই হয়তো এই হামলা।’ মন্ত্রী ওই ঘটনার পর অনুষ্ঠানটিতে অংশ নেন এবং টেলিফোনে শ্রোতাদের প্রশ্নের জবাব দেন।
ঘটনা শুনে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস ঘটনাস্থলে যান। হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, ঘটনা সম্পর্কে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সুস্থ ও নিরাপদ আছেন। ঘটনার পর আওয়ামী লীগ, জাসদ ও ১৪ দলের যুক্তরাজ্য শাখার নেতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেপ্তারের কাজ শুরু করেছে। মন্ত্রী লন্ডন সফর শেষে কাল ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।