লন্ডনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান বিএনপির
আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। অন্য কোনো পথে নির্বাচন জনগণ মেনে নেবে না।
মির্জা ফখরুল গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘লন্ডনে প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। প্রধানমন্ত্রীকে বলব, লন্ডনে বসে গণতন্ত্রের এই কথা বলা যায়। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে যে অনাস্থা ও অবিশ্বাস সৃষ্টি হয়েছে, তাতে ওইভাবে নির্বাচন সম্ভব নয়।’ তিনি প্রধানমন্ত্রীকে দাম্ভিকতা, অহংকার ও একগুঁয়েমি ছেড়ে নির্দলীয় সরকারের দাবি সংবিধানে সংযোজনের দাবি জানান।
ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের (এনআরসি) উদ্যোগে ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই সভা হয়। পরে তারেক রহমানের জীবন-কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মির্জা ফখরুল। প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী টিউলিপের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় খরচে ৪২-৪৩ জন সফরসঙ্গী নিয়ে লন্ডন গেছেন। তাতে আমাদের আপত্তি নেই। আগামী নির্বাচন নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) একই সুরে কথা বলছেন। তাঁকে বলব, এখনো সময় আছে, জনগণের মন ও চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন।’
টিআইর প্রতিবেদনের প্রতিক্রিয়া: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, দুর্নীতির এই কথা নতুন কিছু নয়। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি ব্যাপকতা লাভ করেছে। এটি এখন দীর্ঘস্থায়ী রোগের (ক্রনিক ডিজিজ) মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি দুর্নীতির কারণে রসাতলে গেছে। পদ্মা সেতু প্রকল্প কেবল দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে। নাগরিক সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তালুকদার মুনীরুজ্জামান, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।