লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে মানববন্ধন
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার করে দেওয়া পাকিস্তান সরকারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে লন্ডনে। গতকাল বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের নাইটব্রিজে পাকিস্তান হাইকমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম আয়োজিত এই কর্মসূচি থেকে দেওয়া স্মারকলিপিতে অবিলম্বে পাকিস্তান সরকারের প্রতি ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
পুষ্পিতা গুপ্তর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন রায়হান রশিদ, ইয়াসমিন সুলতানা, শাহরিয়ার বিন আলী, মেফতা ইসলাম, সুশান্ত দাস গুপ্ত ও কাজী শামসুল হাসান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যোগ দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, মজিবুল হক, জুয়েল রাজ, সুহানা জামান, ওমর ফারুক, রাজিব আহমেদ, আতাউর রহমান, সুমন দাস, মানস হালদার প্রমুখ।