লন্ডনে পৌঁছেই প্রধানমন্ত্রী কোলে নিলেন নাতনিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার বিকেলে লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছেই কোলে তুলে নেন তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিকের কন্যাসন্তান আজালিয়া জয় পার্সিকে। যুক্তরাজ্যের লেবার পার্টির সাংসদ টিউলিপ গত মাসে লন্ডনের রয়াল ফ্রি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন।
নাতনি আজালিয়া জয় পার্সিকে কোলে নিয়ে খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দেওয়ার পথে রোববার লন্ডনে পৌঁছান। সেদিন বিকেলে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সেখান থেকে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে যান। হোটেলে পৌঁছেই প্রধানমন্ত্রী টিউলিপের মেয়ে পার্সিকে কোলে তুলে নেন। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ শামসুল হকের সাক্ষাৎ: যুক্তরাজ্যে চিকিৎসাধীন কবি ও লেখক সৈয়দ শামসুল হক ও তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হক গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুইটে দেখা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় প্রধানমন্ত্রী তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। সৈয়দ হক বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে ফুসফুসে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন।
প্রথম আলোর লন্ডন প্রতিনিধি জানান, রোববার প্রধানমন্ত্রী লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন। অন্যদিকে বাংলাদেশে হত্যা, গুম, বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদ এবং গণতন্ত্রের দাবিতে একই সময় হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।