লন্ডনে প্রথমবারের মতো একুশের প্রভাতফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো এবার লন্ডনে অনুষ্ঠিত হলো একুশের প্রভাতফেরি। স্থানীয় সময় আজ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়া ওই প্রভাতফেরি যুক্তরাজ্যে বেড়ে ওঠা শিশু-কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 

একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ, যুক্তরাজ্যের আয়োজনে এই প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। স্থানীয় এডলার স্ট্রিট থেকে শুরু হয়ে আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয় প্রভাতফেরি। আয়োজকেরা বলেন, মধ্যরাতে একুশের অনুষ্ঠান হওয়ায় শিশু-কিশোর ও নারীদের জন্য এতে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়ে। তাই সকালে একুশের প্রভাতফেরির এই আয়োজন।
বাঙালির অহংকারের এই দিবসটি পালনে শনিবার মাঝরাতেই ভিড় জমে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার ঘিরে। একুশের প্রথম প্রহরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান ও স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন। এরপর একে একে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুক্তরাজ্য বিএনপি, যুবদল, যুক্তরাজ্য জাতীয় পার্টি, লন্ডন বাংলা প্রেসক্লাব, সম্মিলিত নারী জোট, উদীচী, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া অমর একুশে উপলক্ষে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।