লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যার কৃতজ্ঞতা
ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা—রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল শনিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তাঁরা বলেছেন, এমপি পদে লড়াই করতে গিয়ে ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং ভালোবাসা তাঁরা দেখেছেন, তা তাঁদের অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।
পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদে পুনর্নির্বাচনে লেবার দলের পক্ষে প্রচারণা চালাতে তাঁরা আসেন। আগামী বৃহস্পতিবার (১১ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিন কন্যা একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হন। তিনজনই লেবার দলের এমপি।
অনুষ্ঠানে রুশনারা আলী বলেন, গত মেয়াদে তিনি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র এমপি ছিলেন। এবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন রূপা ও টিউলিপ।
টিউলিপ সিদ্দিক বলেন, তাঁদের তিনজনকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উৎসাহ এবং উচ্ছ্বাস দেখেছেন, তা তাঁকে অভিভূত করেছে। নির্বাচনে জোর লড়াই করতে অনুপ্রাণিত করেছে।
রূপা হক বলেন, তাঁর দল লেবার পার্টি সরকার গঠন করতে না পারলেও তিনি প্রায় চার হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। নির্বাচনে লড়তে গিয়ে তিনি বাংলাদেশি মানুষের যে ভালোবাসা এবং উৎসাহ পেয়েছেন, তা অসাধারণ।
তিন কন্যার চাওয়া আগামী বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে বাংলাদেশিরা লেবার পার্টিকে বিজয়ী করবেন। মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করবেন।
টাওয়ার হ্যামলেটসের মেয়র ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। তিনি ছিলেন স্বতন্ত্র মেয়র। গত বছর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত লুৎফুর রহমানকে নির্বাচনে ধর্মের অপব্যবহার, বর্ণবাদের আশ্রয় গ্রহণ এবং ভোট জালিয়াতির দায়ে আদালত মেয়র পদ থেকে বহিষ্কার করেন এবং পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেন।