লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোর ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত ৩০ মার্চ স্কুলে যাওয়ার পর ওই কিশোর আর বাসায় ফেরেনি। এদিন ওয়েস্ট মিনিস্টার সেতুর ওপর তার স্কুলব্যাগ পাওয়া যায়।

নিখোঁজ কিশোর লন্ডনের বেকটন এলাকার কিংসফোর্ড কমিউনিটি স্কুলের শিক্ষার্থী। তার বাবা যুক্তরাজ্য বিএনপির নেতা। বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

কিশোরের বাবা প্রথম আলোকে বলেন, ৩০ মার্চ সকালে তিনি নিজে ছেলেকে স্কুলে নামিয়ে দেন। রাত সাড়ে নয়টার দিকে ছেলের নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। পুলিশ ওয়েস্ট মিনিস্টার সেতুর ওপর তার স্কুলব্যাগ পায়।

কিশোরের বাবা বলেন, পুলিশ জানিয়েছে, ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে এক নারী তাঁদের ফোন করেন। পুলিশকে তিনি জানান, ওয়েস্ট মিনিস্টার সেতু থেকে কেউ একজন নদীতে ঝাঁপ দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্কুলব্যাগ পাওয়া যায়। কিন্তু নদীতে কাউকে পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করে সেতুর ওপর থেকে কারও লাফ দেওয়ার ঘটনা দেখা যায়নি। নিখোঁজ কিশোরের খোঁজ পেতে অনুসন্ধান অব্যাহত আছে।

নিখোঁজ কিশোরের বাবার ভাষ্য, ছেলের কোনো অস্বাভাবিক আচরণের বিষয়ে অবগত নন তিনি। পরিবারের সঙ্গে ছেলের আন্তরিক সম্পর্ক ছিল।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রেস অফিস প্রথম আলোকে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা এখনই কোনো মন্তব্য করছে না। কিশোরের নামও গণমাধ্যমে প্রকাশ করছে না।