লন্ডনে বাঙালিদের সমস্যার কথা শুনলেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নেতাদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (বাঁ থেকে পঞ্চম)। লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত বৃহস্পতিবার তোলা ছবি l সংগৃহীত
যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নেতাদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (বাঁ থেকে পঞ্চম)। লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত বৃহস্পতিবার তোলা ছবি l সংগৃহীত

রেস্তোরাঁ ব্যবসায় কর্মীর সংকট, অভিবাসননীতির ফলে সৃষ্ট সমস্যাসহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যার কথা শুনলেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত বৃহস্পতিবার বাঙালি কমিউনিটির নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে ক্যামেরন এসব সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত ওই বৈঠকে নয় সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী। গতকাল শুক্রবার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তাঁরা।
এনাম আলী বলেন, অভিবাসননীতি ও কর্মী-সংকটের কারণে বাংলাদেশি রেস্তোরাঁগুলো যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার সমাধানে তিনি সরকারের কাছে একটি প্রস্তাবনা জমা দিয়েছিলেন। ওই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন তাঁদের সঙ্গে কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিবাসননীতির কারণে রেস্তোরাঁ খাতে কর্মী-সংকটসহ যেসব সমস্যা তৈরি হয়েছে, সেসব বিষয়ে একমত পোষণ করেন প্রধানমন্ত্রী। তিনি এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট নীতিগুলো পর্যালোচনার আশ্বাস দেন।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে বাংলাদেশি সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ক্যামেরন। তিনি চান যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক। এতে যুক্তরাজ্যের অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব অটুট থাকবে। আর ইইউ থেকে বেরিয়ে এলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখন রেস্তোরাঁ খাতে নেতিবাচক প্রভাব পড়বে, বাংলাদেশি সম্প্রদায়ের লোকেরা ক্ষতির শিকার হবে। এসব বিষয়ে বাংলাদেশি সম্প্রদায়ের লোকদের সচেতন করে ইইউতে যুক্তরাজ্যের থাকার পক্ষে সমর্থন আদায়ে প্রচেষ্টা চালাতে অনুরোধ জানিয়েছেন ক্যামেরন।
ক্যামেরনের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহানুর খান, থেমস ভ্যালি গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেন্টার্সের প্রেসিডেন্ট আব্দুল মোহাইমিন মিয়া, এশিয়াটিক লিমিটেডের পরিচালক শফিকুল ইসলাম, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর বশির আহমদ, রেস্তোরাঁ ব্যবসায়ী সানওয়ার চৌধুরী, শাহ জলফুকার আলী ও জাহাঙ্গীর হক।