লন্ডনে বাঙালির আত্মপ্রকাশের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপরে বর্ণবাদী শ্বেতাঙ্গদের পরিচয়ধারী সাদা কাপড়ে লাল ক্রস আঁকা পতাকা। নিচের ক্যানভাসে সেই পতাকার লাল ক্রস থেকে বের হয়ে আসছে বর্ণবাদী দাঙ্গায় নিহত বাঙালি যুবক আলতাব আলীর মুখ। লন্ডনের নজরুল সেন্টারে প্রদর্শনী থেকে তোলা ছবি l প্রথম আলো
ওপরে বর্ণবাদী শ্বেতাঙ্গদের পরিচয়ধারী সাদা কাপড়ে লাল ক্রস আঁকা পতাকা। নিচের ক্যানভাসে সেই পতাকার লাল ক্রস থেকে বের হয়ে আসছে বর্ণবাদী দাঙ্গায় নিহত বাঙালি যুবক আলতাব আলীর মুখ। লন্ডনের নজরুল সেন্টারে প্রদর্শনী থেকে তোলা ছবি l প্রথম আলো

তখন ১৭৪৩ সাল। পূর্ব লন্ডনের ব্রিক লেনে সগৌরবে প্রতিষ্ঠিত হয় খ্রিষ্টান প্রোটেস্ট্যান্ট অনুসারীদের গির্জা। প্রায় দেড় শ বছর পর ১৮৯৭ সালে একই ভবনটি হাতবদল হয়ে রূপ নিল ইহুদিদের উপাসনালয় সিনাগগ হিসেবে। এরপর ৮০ বছরের কম সময়ের মাথায় ১৯৭৬ সালে ওই একই ভবনে বাংলাদেশিরা প্রতিষ্ঠা করল মসজিদ। কয়েক শতকের বিবর্তনের সাক্ষী সেই ভবনটিই আজকের ব্রিক লেন জামে মসজিদ। পূর্ব লন্ডনে বাঙালিদের অস্তিত্ব জানান দেওয়ার এই গল্প রংতুলির আঁচড়ে সুনিপুণভাবে তুলে ধরেছেন ব্রিটিশ শিল্পী অ্যালিস সেইলি। পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের কবি নজরুল সেন্টারে গত শনিবার থেকে শুরু হয়েছে ‘আলতাব আলী ও ব্রিক লেন’ শীর্ষক সেইলির একক চিত্র প্রদর্শনী। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
বদলে যাওয়া পূর্ব লন্ডনের গল্পই শুধু নয়, অ্যালিস সেইলির ক্যানভাসে স্থান পেয়েছে বাংলাদেশিদের বর্ণবাদবিরোধী আন্দোলনের স্মৃতিও। নজরুল সেন্টারের দেয়ালে টাঙানো একটি ক্যানভাসে দেখা যায় বর্ণবাদী শ্বেতাঙ্গদের পরিচয়ধারী সাদা কাপড়ে লাল ক্রস আঁকা পতাকা। এরপরের ক্যানভাসেই দেখা যায়, সেই পতাকার লাল ক্রস থেকে বের হয়ে আসছে বাঙালি যুবক আলতাব আলীর মুখ।
প্রসঙ্গত, ১৯৮৭ সালের ৪ মে ব্রিক লেনের কাছেই বাংলাদেশি যুবক আলতাব আলী বর্ণবাদীদের হামলায় নিহত হন। ওই হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন পূর্ব লন্ডনে বাংলাদেশিদের অবস্থানকে সুদৃঢ় করে।
অ্যালিস সেইলি প্রথম আলোকে বলেন, পূর্ব লন্ডনে শ্বেতাঙ্গ ও ইহুদিদের সঙ্গে বাঙালির লড়াই নিয়ে পরিচালক ফিল ম্যাক্সওয়েল ২০১১ সালে একটি সিনেমা নির্মাণ করেন। ওই সিনেমায় ব্যবহারের জন্য তাঁকে এসব চিত্র আঁকতে বলা হয়েছিল। ষাটোর্ধ্ব বয়সের সেইলি বলেন, পূর্ব লন্ডনে বসবাসের সুবাদে বাঙালির অনেক বিচিত্র সংস্কৃতিতে তিনি আকৃষ্ট। বেশ কিছুদিন ধরে বাংলা শেখার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে নভেম্বর মাসব্যাপী চলছে ‘এ সিজন অব বাংলা ড্রামা’ উৎসব। এই উৎসবের অংশ হিসেবেই প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নানা আলোচনা ও প্রদর্শনী। শনিবার অ্যালিস সেইলির চিত্র প্রদর্শনী উদ্বোধনের আগে গবেষক আনসার আহমদ উল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ‘হিস্টোরি ওয়াক’। যার মাধ্যমে লন্ডনে অবস্থিত শহীদ মিনার, ব্রিক লেন জামে মসজিদসহ বাঙালি ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা স্থাপনা ঘুরে দেখা হয়। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র এটি ১৩তম আয়োজন।