লন্ডনে বিজয়ফুল কর্মসূচি
ব্রিটেনের রাজধানী লন্ডনের আলতাব আলী পার্কে উদ্বোধন হয়েছে বিজয়ফুল কর্মসূচি ২০১০। গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে চারটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনের পর এক মিনিট নীরবতা পালনে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে। উপস্থিত মুক্তিযোদ্ধারা সেদিন প্রচণ্ড তুষারপাতের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে হাইকমিশনার সাইদুর রহমান খান বিজয়ফুলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ফুল একদিন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে।বিজয়ফুলের স্থপতি কবি শামীম আজাদ বলেন, ‘বিজয়ফুল একার কিছু নয়। এ আমাদের মুক্তিযুদ্ধ স্মারক স্বপ্নফুল। এর আজকের অবস্থানের সব কৃতিত্ব বিলেতের তিন প্রজন্মের বাঙালির—তাদের একযোগে কাজ করার ফল।’ বিজ্ঞপ্তি।