লন্ডনে বিমানের পাইলটের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট ছাড়াই ফ্লাইট নিয়ে লন্ডনে যাওয়ায় বিমানের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন রফিকুল ইসলামকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন পুলিশ। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
বিমানের লন্ডন কার্যালয়ের একটি সূত্র জানায়, গত শনিবার এ ঘটনা ঘটে। ওই দিন ঢাকা থেকে লন্ডন ফ্লাইট নিয়ে যান ক্যাপ্টেন রফিক। তাঁর সঙ্গে কো-পাইলট ছিলেন ফার্স্ট অফিসার গফুর। নিয়ম অনুযায়ী ফ্লাইটটি অবতরণের পর বিমানের ক্রুদের বহনকারী গাড়িটি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিল। তখন অভিবাসন পুলিশ গাড়িটি থামিয়ে সব ক্রুকে নামিয়ে কাগজপত্র তল্লাশি করে। এ সময় ক্যাপ্টেন রফিক পাসপোর্ট দেখাতে পারেননি। তখন অন্যদের ছেড়ে দিয়ে রফিককে ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
ফিরতি ফ্লাইটের একজন ক্রু জানান, ওই অবস্থায়ও রফিক প্রায় এক ঘণ্টা ধরে লন্ডনে প্রবেশের অনুমতির জন্য অভিবাসন কর্মকর্তাদের কাছে তদবির করেন। এ কারণে ফিরতি এক ঘণ্টা ফ্লাইট বসিয়ে রাখতে হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শিডিউল অনুযায়ী, ক্যাপ্টেন রফিক ঢাকা থেকে ফ্লাইট নিয়ে লন্ডনে নেমে হোটেলে বিশ্রাম নেবেন, পরের ফিরতি ফ্লাইট নিয়ে তিনি আবার ঢাকা আসবেন। কিন্তু তাঁকে ওই দিনই ফেরত পাঠানোর ফলে পরবর্তী ফিরতি ফ্লাইটের ক্রু-স্বল্পতা দেখা দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাইল হেইউডের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। আর, কাইল হেইউড দেশের বাইরে রয়েছেন।