লন্ডনে বিশ্ব গার্লস গাইড ক্যাম্পে জেরিনের সাফল্য
‘স্বপ্ন ছিল বিমানে চড়ার। আকাশ থেকে বাংলাদেশ দেখার। তবে বিমানে চড়লেও সেই স্বপ্ন পূরণ হয়নি। জানালার কাছে বসতে না পারায় আকাশ থেকে বাংলাদেশ দেখা হয়নি।’ গার্লস গাইড মেধাবী ছাত্রী জেরিয়াতুল হাফসা জেরিন লন্ডনে ক্যাম্প-সাফল্য নিয়ে দেশে ফিরলেও তার আফসোস কাটেনি আকাশ থেকে বাংলাদেশ দেখার। তবু হাল ছাড়েনি সে। বড় হয়ে ব্যারিস্টারি পড়তে আবার যেতে চায় লন্ডনে। জেরিনের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নামাপাড়ায়। বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জেরিন পড়ালেখার পাশাপাশি আবৃত্তি, অভিনয়, বিতর্ক ও রেড ক্রিসেন্ট ক্যাম্পসহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। বাবা আমিনুল ইসলাম সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে বকশীগঞ্জে চাকরি করেন। মা কামরুন নাহার গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়। লন্ডনের হেয়ার উড হাউস ইয়র্কশায়ারে গত ৩১ জুলাই থেকে ৭ আগস্ট বিশ্ব গার্লস গাইড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ১০ সদস্যের বাংলাদেশ দলে অংশ নেয় দুজন গাইডার ও আটজন গার্লস গাইড। ক্যাম্পে জেরিনের গাইড আদর্শ ও নৈপুণ্য আয়োজকদের নজর কাড়ে। ক্যাম্পে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে সে পায় শ্রেষ্ঠ ব্যাজ। শ্রেষ্ঠ ব্যাজ পাওয়ার অনুভূতি প্রসঙ্গে জেরিন বলেছে, ‘এই ব্যাজ আমার নয়, প্রিয় বাংলাদেশের সব মানুষের। আমি সুনাগরিক হতে চাই। মানবসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। ব্যারিস্টারি পড়তে আবার লন্ডনে যেতে চাই।’ স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘জেরিন আমাদের গর্ব। গার্লস গাইডের দীক্ষায় সে ছোট থেকেই অন্যদের চেয়ে ব্যতিক্রম। সবসময়ই ভালো কিছু করে থাকে।’