লন্ডনে ভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে প্রতি বছরই বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। অনেকটা ছকে বাধা ওই সব আয়োজন অনেকটা বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এবার সেই উদযাপনে এসেছিল ভিন্নতা। বিজয় উদযাপনের গতকাল মঙ্গলবারের অন্যরকম সন্ধ্যাটি ছিল কেবল বিদেশিদের নিয়ে। অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের কেউ যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম কর্মী, কেউ ভিনদেশি দূতাবাসের কর্মকর্তা, কেউবা দেশে দেশে সরকারি পরামর্শক হিসেবে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

এই অতিথিরা প্রাণখুলে আড্ডা দিয়ে উদযাপন করলেন বাংলাদেশের বিজয় দিবসকে। সেই সঙ্গে জানলেন স্বাধীনতার ৪৪ বছর পরও ‘মুক্তিযুদ্ধ’, ‘স্বাধীনতা’ কিংবা ‘বিজয়’ শব্দগুলো বাংলাদেশিদের কেন এতটা আবেগপ্রবণ করে তোলে। গতকাল মঙ্গলবার দক্ষিণ লন্ডনের ক্রিপলিংস রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় বিজয় দিবস উদযাপনের এই আয়োজন। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির এই আয়োজনের উদ্যোক্তা।
স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটা বাজতেই অতিথিদের আগমনে ভরে উঠল দক্ষিণ লন্ডনের রেস্তোরাঁটি। আয়োজনে কোনো বাহুল্য নেই। নেই কোনো ব্যানার কিংবা মঞ্চ। অতিথিরা এসেই যার যার মতো করে আড্ডায় মশগুল হলেন। এক ফাঁকে মাইক হাতে নিয়ে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করলেন নাদিম কাদির। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশিদের জন্য কেবল পরাধীনতার শেকল ভাঙার আনন্দের দিন নয়, এই দিনটি একই সঙ্গে বেদনারও। কেননা ১৬ ডিসেম্বরের ইতিহাস সৃষ্টির জন্য বাংলাদেশের মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে। সহ্য করতে হয়েছে নির্মম ও অমানুষিক অত্যাচার-নিপীড়ন। তিনি স্মরণ করলেন মুক্তিযুদ্ধে নিজের বাবাকে হারানোর স্মৃতিও।
এরপর একে একে বক্তব্য রাখলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং দৈনিক অবজারভারের সম্পাদক সাঈদ বদরুল আহসান। তাঁদের কথায় উঠে এল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। অতিথিদের মধ্য থেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিটা পেইন, লন্ডন প্রেস ক্লাবের সহসভাপতি ডেনিস ডোবেল, ডিপ্লোমেটিক প্রেস অ্যাটাচে অ্যাসোসিয়েশন অব লন্ডনের প্রেসিডেন্ট মারিয়া মনটেরি।
এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জার্মানির গোয়েথ ইনস্টিটিউটের এভা স্মিথ বলেন, তিনি কখনো বাংলাদেশে যাননি। তবে এই আয়োজন তাঁকে বাংলাদেশ সম্পর্কে নতুন অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। একই রকম মত ব্যক্ত করলেন দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব জার্নালিস্টসের সাধারণ সম্পাদক ডোমিনিক কুপার।
নিউজিল্যান্ড হাইকমিশনের জেনিফার মাতুজেক বলেন, পশ্চিমা গণমাধ্যমে তারা বেশির ভাগ সময় বাংলাদেশের নেতিবাচক খবরই দেখতে পান। ইউএনডিপির কর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক মার্টিন লাম্ব একাধিকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন জানিয়ে বলেন, বাংলাদেশ তাঁর ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণতা। তিনি ঢাকায় মানুষের আধিক্য আর যানজটের প্রতি বিরক্তির কথাও জানান। আলাপচারিতায় কারও কারও মন্তব্যে উঠে আসে অনেক ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো করছে।
অনাড়ম্বর এই আয়োজনে দুটি বাংলা গানের সঙ্গে লোক নৃত্য পরিবেশন করেন সাবরিনা সুলতানা। খালি গলায় হাসান আবিদুর রেজা জুয়েল গেয়ে শোনালেন ‘আমি বাংলার গান গাই’। সবশেষে র‍্যাফল ড্র এর মাধ্যমে ১০ জন অতিথির হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ নিয়ে রচিত বই এবং ‘বাংলাদেশ’ লেখা উপহার সামগ্রী। স্বল্প পরিসরের এই আয়োজনে প্রায় ৪০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন।