লন্ডনে লেবার পার্টির প্রধান ও গর্ডন ব্রাউনের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টে সে দেশের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সামগ্রিক কার্যক্রমের সমালোচনা করেন।লন্ডনে গতকাল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হাউস অব কমন্সের পোর্ট ক্যালিস হাউসে খালেদা জিয়া যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান অ্যাড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন লেবার পার্টির এমপি হ্যারিয়েট হারমেন, বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলীসহ বেশ কয়েকজন নেতা।বৈঠকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রথম আলোর পক্ষ থেকে হ্যারিয়েট হারমেনকে প্রশ্ন করা হয়, খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন, সে বিষয়ে লেবার পার্টির অবস্থান কী? জবাব এড়িয়ে গিয়ে হারমেন বলেন, ‘বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’পরে খালেদা জিয়া সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের আমন্ত্রণে তিনি কাউন্সিলে তাঁর সঙ্গে বৈঠক করেন। এ সময় কাউন্সিলের সদস্যদের একটি অংশ লুৎফুর রহমান একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে ওই বৈঠক বর্জন করে।