লন্ডনে শেষ হলো বাংলা একাডেমির পঞ্চম বইমেলা
বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টায় যুক্তরাজ্যের লন্ডনে তিন দিনব্যাপী আয়োজিত বাংলা একাডেমির বইমেলা শেষ হয়েছে।
তৃতীয় বাংলা নামে খ্যাত পূর্ব লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নে গতকাল রোববার শেষ হয় এ বইমেলা। গত শুক্রবার বইমেলার উদ্বোধন করেছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। লন্ডনে বাংলা একাডেমির পঞ্চম বইমেলা এটি।
বইমেলার শেষ দিন গতকাল ‘বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ পদক’ (আগে প্রবাসী লেখক পুরস্কার নামে পরিচিত ছিল) বিজয়ী ব্যক্তিদের নাম ঘোষণা করার কথা। নাম ঘোষণা করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
আগের আয়োজনগুলোর চেয়ে এবারের মেলায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। আগে মেলায় কেবল বাংলা একাডেমির বই প্রদর্শিত হলেও এবার পাঁচটি বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নেয়। মেলার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ছড়াকার দিলু নাসের প্রথম আলোকে বলেন, এবার পদক দেওয়ার ক্ষেত্রও বাড়ানো হয়েছে। আগে শুধু ইউরোপের লেখকদের বিবেচনা করা হতো পদকের জন্য। এবার যেকোনো দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি লেখকদেরও বিবেচনা করা হচ্ছে। বিজয়ী ব্যক্তিদের হাতে আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকায় বাংলা একাডেমি বইমেলায় পদক তুলে দেওয়া হবে।
মেলার উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ছাড়াও প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী উপস্থিত ছিলেন।