লন্ডনে হুমায়ূন আহমেদকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি মিলনায়তনে সমবেত হয়েছিলেন হুমায়ূনের ভক্ত ও শুভানুধ্যায়ীরা। যুক্তরাজ্যে বাঙালি নারীদের একমাত্র পত্রিকা নারী, এশিয়ান ম্যাগাজিন-এর আয়োজনে এ অনুষ্ঠানের শুরুতে লেখকের সাক্ষাৎকার, নাটক ও চলচ্চিত্রের একটি কোলাজ প্রদর্শন করা হয়। তারপর হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী ম্যাগাজিনের বিশেষ প্রতিনিধি নীলুফা ইয়াসমীন হাসান।স্মরণ পর্বে ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পাশা খন্দকার বলেন, ‘হুমায়ূন আমাদের যারপরনাই সাহস জুগিয়েছেন। আমাদের ভেতরেও যে একজন হিমু আছে, শুভ্র আছে। ভাবনার বিচিত্র জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। আপামর মানুষকে আনন্দ দেওয়ার সৌভাগ্য কয়জনের হয়? হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠত্ব এখানেই।’কবি শামীম আজাদ বলেন, অপরাজিত নায়ক হুমায়ূন তাঁর কর্মেই বেঁচে থাকবেন, অনন্তকাল আনন্দই বিলিয়ে যাবেন। স্মৃতিচারণা পর্বে আরও অংশ নেন ব্রিটিশ মূলধারার তথ্যচিত্র নির্মাতা রুহুল আমিন, কলামিস্ট মাসুদ রানা, নারী সম্পাদক কবি শাহনাজ সুলতানা প্রমুখ। সব শেষে হুমায়ূনের গান পর্বে শিল্পী জাহিদ কামাল শোনান ‘চাঁদনী পসর রাইতে’সহ কয়েকটি গান। হুমায়ূন আহমেদের খুব প্রিয় গান গিয়াস উদ্দিন আহমেদের লেখা ‘মরিলে কান্দিস না আমার দায়’ গেয়ে শোনান হিমু চরিত্র রূপদানকারী ফজলুল কবির তুহিন।