লন্ডনেও প্রতিবাদ বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এক প্রকাশক হত্যা এবং আরেক প্রকাশক ও দুই লেখককে কুপিয়ে আহত করার প্রতিবাদ হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও। বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা বলেছেন, একই কায়দায় একের পর এক মুক্তচিন্তার পক্ষের¯মানুষকে হত্যা করা হলেও কোনো বিচার হচ্ছে না। আর তদন্তের আগেই সরকার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর কারণে প্রকৃত হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গতকাল রোববার আয়োজিত প্রতিবাদ সমাবেশে শামিল হন যুক্তরাজ্যে বিভিন্ন বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন ব্রিটিশ মূলধারার মানবাধিকার কর্মীরাও। বাংলাদেশি ব্লগার অ্যালায়েন্স, সচলায়তন এবং ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, এত দিন মুক্তচিন্তার লেখকদের হত্যা করা হয়েছে, এখন মুক্তচিন্তার বইয়ের প্রকাশকদের হত্যা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে এ ধরনের বইয়ের পাঠকদেরও হয়তো হত্যা করা হবে। তাঁরা বলেন, এসব হত্যা বন্ধ করতে হলে মৌলবাদকে রাজনৈতিক আশ্রয় প্রদান বন্ধ করতে হবে। একই সঙ্গে ধর্ম, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের নাম ভাঙিয়ে রাজনীতি চলতে পারে না। সমবেত ব্যক্তিরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন।