লন্ডনের উদ্দেশে বিএনপির প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল আজ সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, আজ ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রতিনিধিদলটি রওনা হয়। সেখানে একটি সেমিনারে প্রতিনিধিদলটির যোগ দেওয়ার কথা। ১৭ জুলাই ওই সেমিনার অনুষ্ঠিত হবে।

তবে প্রতিনিধিদলের সদস্যরা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। বিএনপির সূত্রগুলো থেকে এমনই আঁচ পাওয়া গেছে। 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন ও নওশাদ জামিল। আর লন্ডনে তাঁদের সঙ্গে যোগ দেবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান।

দীর্ঘদিন পর তারেক রহমান দেশের রাজনীতি নিয়ে আবার কথা বলতে শুরু করেছেন। কিছুদিন আগে লন্ডনে এক সেমিনারে তিনি দেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান চিকিত্সার জন্য লন্ডনে যান। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।