লন্ডনের বাঙালি পাড়ায় মেয়র পদে পুনর্নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদে পুনর্নির্বাচন আজ বৃহস্পতিবার। ৮৩টি কেন্দ্রে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কাল শুক্রবার সকাল নাগাদ নির্বাচনের ফলাফল পাওয়া যাবে।
আগের মেয়র ছিলেন লেবার পার্টির রাজনীতিক বাংলাদেশি-বংশোদ্ভূত লুৎফুর রহমান। ভোট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তিনি পদ হারানোর এক বছরের মাথায় এই পুনর্নির্বাচন হচ্ছে। রাজনীতিতে ধর্মের অপব্যবহার, বর্ণবাদের আশ্রয় গ্রহণ, ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের কারণে সমালোচিত এই কাউন্সিল নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ১০ জন। আদালতের নিষেধাজ্ঞার কারণে লুৎফুর রহমান এবার প্রার্থী হতে না পারলেও ঘুরেফিরে তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন। বাংলাদেশি ভোটারদের ওপর তাঁর রয়েছে ব্যাপক প্রভাব। প্রচারণা, উত্তেজনা সবকিছু লেবার পার্টির প্রার্থী জন বিগস আর লুৎফুর রহমান-সমর্থিত প্রার্থী কাউন্সিলর রাবিনা খানকে ঘিরে।
২০১০ সালে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে দল থেকে বহিষ্কার হন লুৎফুর রহমান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। গত বছরের ২২ মে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনেও তিনি মেয়র হন। কিন্তু আদালতে দোষী সাব্যস্ত হয়ে গত ২৩ এপ্রিল তিনি মেয়র পদ হারান।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার প্রায় ৬০ হাজার। রাজনীতি নিয়ে উত্তাপহীন শ্বেতাঙ্গরা তেমন একটা ভোট দিতে যান না। তাই এ এলাকার নির্বাচনে বাংলাদেশি ভোটাররাই মূল নিয়ামক। মূলত বাংলাদেশিদের একচেটিয়া ভোট পাওয়ার কারণে লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত দুই দফায় নির্বাচিত হন বলে মনে করা হয়।
নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ। প্রতিটি ভোটকেন্দ্রে কড়া পুলিশি উপস্থিতি থাকবে। সমর্থক গোষ্ঠীর বিশৃঙ্খলারোধে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা লাইন টেনে দেওয়া হবে। যেখানে ভোটার ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ থাকবে। অনিয়মের যেকোনো অভিযোগ দ্রুত সুরাহার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে ১৬টি অভিযোগ উত্থাপিত হয়েছে, যা তদন্ত করছে পুলিশ।