লন্ডনের সমাবেশে জামায়াতের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে লন্ডনে আয়োজিত শুক্রবারের সমাবেশ জামায়াত-সমর্থকদের বাধার কারণে কিছুটা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে দুপুরে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও জামায়াত-সমর্থকদের আকস্মিক উপস্থিতির কারণে সেখানে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। পুলিশ মাঝে দাঁড়িয়ে উভয় পক্ষকে আলাদা করে রাখে। উভয় পক্ষের সংগঠকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর সবাইকে শহীদ মিনারের বেদিতে ওঠে কর্মসূচি পালন করতে দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য, স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।কর্মসূচি শেষে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন তরুণের ওপর জামায়াত-সমর্থকেরা হামলা চালান। পুলিশের দ্রুত হস্তক্ষেপের কারণে তা আর বেশি দূর গড়ায়নি। এ সময় আবদুর রব নামের এক তরুণ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে লন্ডনে প্রথম সমাবেশ ও মিছিল হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কয়েক শ সমর্থক অংশ নেন।