লন্ডভন্ড ট্রেনের সময়সূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান জরুরি কাজে গত শুক্রবার আন্তনগর প্রভাতী ট্রেনে করে ঢাকায় রওনা হন। ট্রেনটি সকাল সাতটা ৪০ মিনিটের পরিবর্তে বেলা আড়াইটায় চট্টগ্রাম থেকে যাত্রা করে। এটি ঢাকায় পৌঁছায় পরদিন শনিবার সকাল আটটায়।
আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অবরোধ কর্মসূচির মধ্যে ট্রেনই মধ্যবিত্তদের একমাত্র বাহন। ট্রেনের সূচি লন্ডভন্ড হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা।’
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মকবুল আহাম্মদ বলেন, ‘সবগুলো ট্রেন চালানোর কারণে সূচি এখন লন্ডভন্ড। তবে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হলে অন্য ট্রেনের সূচি ঠিক রাখা সম্ভব। এ-সংক্রান্ত আমাদের লিখিত প্রস্তাব ঢাকায় নাকচ হয়ে গেছে। এতে যাত্রীদের দুর্ভোগ কমছে না।’
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘কোনো ট্রেনের যাত্রা বাতিলের ইচ্ছা আমাদের নেই। তবে সূচি ঠিক রাখতে আমাদের চেষ্টার ত্রুটি নেই।’
রেল সূত্র জানায়, সবগুলো ট্রেন চালানোর কারণে কোনোটির সূচি ঠিক নেই। যেমন সুবর্ণ এক্সপ্রেস গত রোববার বেলা তিনটা ২০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। এটি পৌনে আট ঘণ্টা দেরিতে গতকাল সোমবার ভোরে যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। একইভাবে রোববার রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা সোয়া তিন ঘণ্টা দেরিতে যাত্রা করে। এটি গতকাল বিকেল পৌনে চারটায় চট্টগ্রামে পৌঁছায়।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে প্রতিদিন ৪৫টি যাত্রীবাহী ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা করে আসছে। চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা করছে ২৭টি। নাশকতার কারণে ক্ষয়ক্ষতি এড়াতে ট্রেনের গতি ৭৫ থেকে ৪০ কিলোমিটারে নামিয়ে আনা হয়। ফলে কোনোটি সূচি ধরে চলছে না। এ ছাড়া ‘জরুরি শাটল’ ও ‘জরুরি ট্রলি’ করার কারণে বিভিন্ন ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। তবে ‘জরুরি শাটল’ ও ‘জরুরি ট্রলি’ কার্যকর থাকায় নাশকতার মধ্যেও ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে রেলের সম্পদ রক্ষা পাচ্ছে।