লন্ডভন্ড ফসলের মাঠে নারীদের আর্তনাদ
একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষকদের শত শত বিঘা জমির ফসল কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতকারীরা। তারা জমির পাশে থাকা কৃষকদের অন্তত ৩০টি শ্যালো যন্ত্রও লুট করে নিয়ে গেছে। খুনের পর থেকে পুরুষেরা গ্রামছাড়া। এখন লন্ডভন্ড এসব খেতে গ্রামের নারীরা আর্তনাদ করছেন।গ্রামের নারীরা জানান, ফসল নষ্ট করার কথা কয়েক দিন আগে লোকমুখে শুনলেও ভয়ে তাঁরা জমিতে যাননি। গত শনিবার সকালে তাঁরা সংঘবদ্ধ হয়ে মাঠে গিয়ে দেখেন, খেতের পর খেতের ফসল কেটে ফেলা হয়েছে।গত রোববার গোপালপুর গ্রামের মাঝের মাঠে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ জমির উঠতি গম, তুলা, আলু, মসুর, কপি, টমেটো, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন ফসল কেটে কোদাল ও লাঙল দিয়ে চষে নষ্ট করে ফেলে রাখা হয়েছে। দুষ্কৃতকারীরা সেচযন্ত্রের পাইপের ভেতর ইট-পাথর ঢুকিয়ে পানিপ্রবাহের পথও বন্ধ করে দিয়েছে।গোপালপুর গ্রামের মাহাতাব আলী জানান, একটি খুনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মদনাডাঙ্গা গ্রামের কিছু লোক তাঁর এক বিঘা জমির গম কেটে দিয়েছে। এ ছাড়া গ্রামের ইকবালের চার বিঘা, শুকুর আলীর এক বিঘা, ইউনুছ আলীর দুই বিঘা ও রায়হানের ১০ কাঠা জমির গম, আবদুলের ছয় বিঘাসহ অসংখ্য চাষির কয়েক শ বিঘা জমির ফসল কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা আবদুল, ছামু, নবাব আলী, একরাম আলী, আফসার উদ্দিন, কাশেম শেখ, সিরাজ উদ্দিনসহ গ্রামের প্রায় ৩০ জন কৃষকের শ্যালো যন্ত্র লুট করে নিয়ে গেছে।গ্রামবাসী জানান, একজন মোটরসাইকেলচালক ও একজন বাইসাইকেলচালকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ১২ ডিসেম্বর গোপালপুর ও মদনাডাঙ্গা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মদনাডাঙ্গা গ্রামের আক্কাস আলী (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আক্কাসের ভাই বদর উদ্দিন পরদিন মেহেরপুর সদর থানায় ২৭ জনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনার পর থেকে হামলা ও গ্রেপ্তার আতঙ্কে গোপালপুর গ্রামের পুরুষেরা এলাকা ছেড়ে চলে যান।মামলার বাদী বদর উদ্দিন বলেন, ‘প্রতিপক্ষের ফসলহানি করে কিংবা অন্য কাউকে খুন করে তো ভাইকে ফিরে পাব না। এই খুনকে পুঁজি করে গোপালপুর গ্রামের কৃষকদের ফসলহানির ঘটনা খুবই দুঃখজনক।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘লিখিত অভিযোগ ছাড়া পুলিশ কাকে ধরবে? তাই কোনো পদক্ষেপ নিতে পারছি না।’মেহেরপুরের পুলিশ সুপার রকিবুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ ব্যবস্থা নিতে পারছে না।’