লবণ আমদানি হলে উপকূলের ১৫ লাখ মানুষ পথে বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে চার লাখ মেট্রিক টন লবণ আমদানি হলে কক্সবাজার উপকূলের প্রায় ১৫ লাখ মানুষ পথে বসবে। আর লাভবান হবে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট। তাই লবণ আমদানির সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, সে জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ লবণচাষি কল্যাণ পরিষদের নেতারা।
গতকাল রোববার বিকেলে কক্সবাজার শহরের ঝাউতলায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ লবণচাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লবণচাষি ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ, লবণচাষি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কায়সার ইদ্রিস প্রমুখ।
লিখিত বক্তব্যে মোস্তফা কামাল চৌধুরী জানান, ২০১৪-১৫ অর্থবছরে দেশে লবণের চাহিদা ছিল ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদিত হয়েছে ১৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু ২০১৩-১৪ অর্থবছরের উদ্বৃত্ত তিন লাখ মেট্রিক টন লবণ যোগ করলে জাতীয় চাহিদায় ঘাটতি পড়ার কথা নয়। তারপরও একটি সিন্ডিকেট লবণের ঘাটতির অভিযোগ তুলে বিদেশ থেকে চার লাখ মেট্রিক টন লবণ আমদানির পাঁয়তারা করছে। লবণ আমদানি হলে মাঠের ৫০ হাজার প্রান্তিক চাষিসহ কক্সবাজার উপকূলের ১৫ লাখ মানুষ পথে বসবে।
লবণচাষি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কায়সার ইদ্রিস জানান, সরকার যাতে লবণ আমদানি করার সিদ্ধান্ত না নেয়, সে জন্য জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। যদি লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে চাষিদের নিয়ে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। প্রয়োজনে অবিক্রীত অবস্থায় পড়ে থাকা লবণের বস্তা ফেলে ‘কক্সবাজার-চট্টগ্রাম’ মহাসড়ক অচল করা হবে।
সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, লবণশিল্পকে ধ্বংস করতে কুচক্রী মহল লবণ আমদানির পাঁয়তারা করেছে। শিল্প মন্ত্রণালয়ের এক সভায় এ বছর চার লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নিতে চলেছে। লবণ আমদানির সিদ্ধান্ত না নিতে তিনি শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
মহেশখালীর কুতুবজোমের চাষি আবদুল মজিদ বলেন, গত ডিসেম্বর মাসে মাঠে উৎপাদিত প্রায় ৫০০ মণ লবণ গুদামে পড়ে আছে। সাত দিন আগে প্রতি মণ লবণ ২০০ টাকায় বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। লবণ আমদানি হলে প্রতি মণ লবণ বিক্রি করতে হবে ১০০ টাকায়। তখন তাঁদের পথে বসতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা বলেন, দেশে লবণের ঘটতি হলে বাজারে লবণের দাম বেড়ে যেত। কিন্তু চিত্রটা উল্টো। মাঠে এখন প্রতি কেজি লবণ ২ টাকার কমে বিক্রি হলেও বাজারে প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মধ্যস্বত্বভোগীরা চাষি ও ভোক্তাদের ঠকিয়ে লাভবান হচ্ছে। এ ব্যাপারে সরকারের অনুসন্ধান দরকার।