লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল না করলে গণ-আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল না করলে দেশের লবণশিল্প রক্ষায় দেশব্যাপী গণ-আন্দোলনের ঘোষণা দিয়েছে চারটি সংগঠন। গতকাল শনিবার বেলা দুইটায় কক্সবাজারের চকরিয়া রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ লবণ চাষী সমিতি, চট্টগ্রাম কার্গো ট্রলার মালিক সমিতি, নারায়ণগঞ্জ লবণ আড়তদার মালিক সমিতি ও চট্টগ্রাম জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ লবণ আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মিয়া বলেন, ‘আগামী মার্চ মাস পর্যন্ত দেশে লবণের যে চাহিদা, তা শুধু কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই পূরণ করা সম্ভব। সুতরাং আর এক ছটাক লবণ আমদানির প্রশ্নই আসে না।’লবণশিল্প বাঁচাও আন্দোলনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্ধৃতি দিয়ে বলেন, এ বছর দেশে ১৯ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। দেশের ১৫ লাখ মেট্রিক টন লবণের চাহিদা পূরণ করে আরও চার লাখ মেট্রিক টন লবণ উদ্বৃত্ত থাকবে।লবণশিল্প বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এম আর মাহবুব বলেন, ২০১১-১২ অর্থবছরে দেশের উৎপাদিত লবণের চাহিদা মিটিয়ে আরও দুই লাখ মেট্রিক টন উদ্বৃত্ত রয়েছে। এ বছর চার লাখ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে।চট্টগ্রাম কার্গো ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম বলেন, ‘একটি দুষ্ট চক্র প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করছে। এ শিল্পকে তা বন্ধের দাবি জানাচ্ছি।’সভাপতির বক্তব্যে বাংলাদেশ লবণ চাষী সমিতির কেন্দ্রীয় সভাপতি শহিদুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করুন। অন্যথায় লবণচাষিদের নিয়ে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলা হবে।এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ লবণ আড়তদার মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদ, সুজনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম কার্গো ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবদুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান মোহামঞ্চদ আলী, লবণচাষি নজির আহমদ ও আলহাজ হায়দার আলী।