দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও বিদেশ থেকে এক লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন লবণচাষিরা। কক্সবাজার ও বাঁশখালীর প্রায় ৫০ হাজার লবণচাষি এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা সভা-সমাবেশ করে আসছে। এসব কর্মসূচির অংশ গত ২৯ আগস্ট বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বরাবরে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ লবণচাষি সমিতির একটি প্রতিনিধিদল।
লবণচাষি সমিতির সভাপতি শহিদুল্লাহ চৌধুরী জানান, গত ২৯ আগস্ট সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরা এ স্মারকলিপি দিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ লবণ আড়তদার সমিতির সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, বাংলাদেশ লবণচাষি সমিতির উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি মো. শাহীন ও মোহাম্মদ এহেছান।
চাষিরা জানান, চলতি মৌসুমে দেশে ১৯ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। দেশের ১৫ লাখ মেট্রিক টন লবণের চাহিদা পূরণ করে আরও চার লাখ মেট্রিক টন লবণ উদ্বৃত্ত থাকবে।
এ অবস্থায় গত ১৯ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের যৌথ সভায় দেশে এক লাখ মেট্রিক টন লবণ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লবণ আমদানি করা হলে এ দেশে উৎপাদিত লবণ অবিক্রীত থেকে যাবে। এতে মাঠে মারা পড়বে প্রান্তিক চাষিরা।
নারায়ণগঞ্জ লবণ আড়তদার সমিতির সভাপতি মামুনুর রশিদ বলেন, ‘একটি দুষ্টচক্র প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করছে। এ শিল্পকে বাঁচাতে তা বন্ধের দাবি জানিয়েছি মন্ত্রীর কাছে।’ সমিতির নেতারা জানান, বাণিজ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।