লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে আমদানি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেছেন, লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হলে সরকার বিদেশ থেকে লবণ আমদানি করবে না। তবে দেশে লবণের ঘাটতি দেখা দিলে সে ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। গত রোববার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত লবণচাষি, ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সদর আলী বিশ্বাস, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ লবণচাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল, বিসিক লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি আবদুল কাদের, লবণচাষি ফরিদুল ইসলাম প্রমুখ।

বিসিক লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন বলেন, চলতি মৌসুমের ১৫ এপ্রিল পর্যন্ত জেলার প্রায় ৬২ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হয়েছে ১১ লাখ ৭০ হাজার মেট্রিক টন। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন। দেশে লবণের বার্ষিক চাহিদা ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টন। বৃষ্টিপাত না হলে আগামী ১৫ মে পর্যন্ত পুরো মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন হতে পারে। সে ক্ষেত্রে বিদেশ থেকে লবণ আমদানির প্রয়োজন হবে না।

মহেশখালীর লবণচাষি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদিত হবে। তাই বিদেশ থেকে লবণ আমদানির প্রয়োজন পড়বে না। এ পর্যন্ত উৎপাদিত ১২ লাখ মেট্রিক টন লবণ দিয়েই আগামী ছয় মাস (মে থেকে অক্টোবর) জাতীয় চাহিদা পূরণ করা যাবে। অথচ এখন থেকেই লবণ আমদানিতে তৎপর একটি সিন্ডিকেট। নভেম্বর থেকে শুরু হবে নতুন মৌসুমের লবণ উৎপাদন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন করেও জেলার প্রান্তিক চাষিরা লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তারপরও প্রভাবশালী মহল মিয়ানমার ও ভারত থেকে কম দামে লবণ এনে দেশের লবণশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে।

বাংলাদেশ লবণচাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, মাঠপর্যায়ে লবণের দাম নিম্নমুখী হলেও খুচরা বাজারে প্যাকেটজাত প্রতি কেজি লবণের দাম বাড়ছে।

কুতুবদিয়ার চাষি ফরিদুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রতি মণ লবণ বিক্রি হয়েছিল ৪৫০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। বিদেশ থেকে লবণ আমদানি হলে প্রতি মণ লবণ ২০০ টাকার কমে বিক্রি করতে হবে।

কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, গত মার্চ মাসে দুই দফার বৃষ্টিতে মাঠে লবণ উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। নইলে এত দিনে ১৫-১৬ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হতো। ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদন হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তা ছাড়া, উপকূলের বিভিন্ন গুদামে গত দুই মৌসুমের কয়েক লাখ মেট্রিক টন লবণ মজুত আছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি গতকাল সোমবার সকালে কক্সবাজারের চৌফলদণ্ডি ও ইসলামপুর এলাকা পরিদর্শন করে। এ সময় তারা লবণচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, লবণ উৎপাদন ও মজুত পরিস্থিতি দেখতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি কক্সবাজার আসে। তারা লবণ উৎপাদনে জড়িতদের সঙ্গে মতবিনিময় করে। তাদের সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে, বিদেশ থেকে লবণ আমদানি করা হবে কি হবে না।