লবণ কারখানায় আগুন, ক্ষতি প্রায় কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ফুলতল এলাকায় একটি লবণের কারখানায় আগুন লেগে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার সকালে ওই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানার ভেতরে একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলার ভান্ডারকক্ষে (স্টোররুমে) আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে বেলা সাড়ে ১১টা নাগাদ আগুনের ব্যাপকতা কমিয়ে আনে। তবে ওই কক্ষে থাকা রাসায়নিক ও তেল পুড়তে থাকে। পরে বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানার কর্মকর্তারা। সরেজমিনে দেখা গেছে, ভবনের দ্বিতীয় তলার ছাদটি আগুনে ধসে গেছে। বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত কারখানার জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (অভ্যন্তরীণ নিরীক্ষা) এস এম নওশাদ ইমতিয়াজ বলেন, ‘সকাল সাড়ে আটটার পর স্টোররুমে আগুন লাগে। তখন ওই কক্ষে কেউ ছিল না। সকাল নয়টায় অফিস সময়। আগুনে ওই কক্ষে থাকা লবণের কারখানার যন্ত্রাংশ, পরিশোধিত তেল ও কোমল পানীয় তৈরির যন্ত্রাংশ পুড়ে গেছে।’ কারখানার কর্মকর্তারা জানান, প্রায় আট একর জমিতে গড়ে ওঠা ওই কারখানায় তেল ও লবণ পরিশোধন এবং ফুড অ্যান্ড বেভারেজ প্ল্যান্ট রয়েছে। স্টোর ম্যানেজার অরুণ বিকাশ চক্রবর্তী বলেন, ‘আগুন লাগার সময় স্টোররুম বন্ধ ছিল। স্টোরের প্রায় ১৫ টন পরিশোধিত ভোজ্যতেল ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।’