লবণ খান বুঝেশুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের মতো অসংক্রামক রোগ থেকে দূরে থাকতে বুঝেশুনে লবণ খাওয়ার পরামর্শ দিচ্ছে ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথ। বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহের শুরুতে এই পরামর্শ দিয়েছে তারা। আগামীকাল সোমবার, ১৬ মার্চ থেকে এ সপ্তাহ শুরু হবে। শেষ ২২ মার্চ।

ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথ এ বছর শিশুদের নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। তারা বলছে, বাইরে খাওয়া যেতেই পারে, কিন্তু খাদ্যতালিকায় কী থাকছে সেটা নিয়ে ভাবতে হবে। তারা খাবার উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেছে। পাশাপাশি তারা শিশুরা ভালোবেসে যেসব বাড়তি লবণযুক্ত ও মুখরোচক খাবার খায়, সেগুলোর বিজ্ঞাপন প্রচার করা থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আজ রোববার ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে সংস্থাটির যে নির্দেশনা, তাতে আবার তা মনে করিয়ে দিয়েছে। সংস্থাটি বলছে, দিনে পাঁচ চা-চামচের বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর আবার অনেকটুকুই প্রাকৃতিকভাবেই বিভিন্ন খাবারে জমা থাকে। দুধ, ডিমেও প্রাকৃতিকভাবেই লবণ রয়েছে। প্রতি ১০০ গ্রাম দুধে ৫০ মিলিগ্রাম এবং প্রতি ১০০ গ্রাম ডিমে ৮০ মিলিগ্রাম লবণ থাকে।
ডব্লিউএইচও বলছে প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। রুটি, ননাস করা মাংস, পপকর্ন, সয়াসস ইত্যাদিতে প্রায়ই প্রচুর লবণ থাকে। এই খাবারগুলো যথেষ্ট সতর্কতার সঙ্গে খাওয়ার কথা বলছে সংস্থাটি।
এর বাইরে পটাশিয়ামের চাহিদা মেটাতে ডব্লিউএইচও শাকসবজি, বাদাম, কলা পেঁপে, আঙুর ইত্যাদি খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিচ্ছে। ডব্লিউএইচও বলছে সাধারণত মানুষ প্রয়োজনের অতিরিক্ত সোডিয়াম খায়, কিন্তু পটাসিয়াম যতটুকু দরকার ততটুকু খায় না।