কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে চলতি মৌসুমে দুই হাজার ৩০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে না। এ এলাকায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে পড়ছে। এতে বেকার সময় কাটাচ্ছেন প্রায় দেড় হাজার চাষি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, দুই বছর আগে জলোচ্ছ্বাসের কবলে পড়ে শাহপরীর দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশের প্রায় এক কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ভাঙা অংশ মেরামত না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে পড়ছে ১২ গ্রামের ফসলি জমি ও লবণের মাঠে। এতে দুই হাজার ৩০০ একর মাঠে লবণ চাষ হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, শাহপরীর দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশের প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এ ছাড়া নয়াপাড়া এলাকার আরও দু-তিনটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, একবার জোয়ারের পানি ঢুকে পড়লে তা ১০-১২ দিনেও নামে না। কারণ এসব স্থানে পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা লবণচাষি জালাল আহমদ ও কালা মিয়া বলেন, এ সময়ে লবণ চাষ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চলত। এখন চাষ বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে।
শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, জোয়ারের পানির কারণে দুই বছর ধরে লবণ চাষ ব্যাহত হচ্ছে। এলাকা রক্ষা করার পাশাপাশি চাষিদের লবণ চাষ নিশ্চিত করার লক্ষ্যে বাঁধ সংস্কারের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন বলেন, চলতি মৌসুমে দুই হাজার ৩০০ একর জমিতে লবণ চাষ না হওয়ায় এসব এলাকার দেড় হাজার লবণচাষি মানবেতর জীবন যাপন করছেন।
পাউবোর টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, আগামী বর্ষার আগেই অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লবণ চাষি সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, বর্ষার আগেই বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে এ এলাকায় কেউ বসবাস করতে পারবে না।