লবণ পানি তোলায় ২৫০ হেক্টর জমির তরমুজ নষ্টের শঙ্কা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চারটি মৌজার ২৫০ হেক্টর জমির তরমুজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বাগদা চিংড়িঘেরের মালিকদের প্ররোচনায় গত সোমবার রাতের আঁধারে দক্ষিণ তুলাতলী জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়ে নালাখাল ও মাঠে লবণ পানি ওঠানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তরমুজচাষিরা অভিযোগ করেছেন।এলাকাবাসী জানান, সাত দিন ধরে এলাকার জলকপাটগুলো পাহারা দিয়ে আসছিলেন চাষিরা। কিন্তু সোমবার গভীর রাতে চিংড়িঘেরের মালিকদের প্ররোচনায় একদল লোক দক্ষিণ তুলাতলী এলাকার জলকপাটটি খুলে দেয়। এতে এক রাতের মধ্যেই ইউনিয়নের ছাতিয়ানপাড়া, দক্ষিণ তুলাতলী, কানকুনিপাড়া ও টুঙ্গিবাড়িয়া মৌজার নালাখাল ও মাঠে লবণ পানি উঠে যায়। তরমুজখেতে দেওয়ার মতো নালাখালে এখন আর মিঠা পানি না থাকায় চাষিরা বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।চাষিদের অভিযোগ, লবণ পানির প্রভাবে ওই এলাকার প্রায় ২৫০ হেক্টর জমির তরমুজ নষ্ট হয়ে যাবে। টুঙ্গিবাড়িয়া গ্রামের মো. অরুণ বলেন, ‘আমার তিন হেক্টর জমিতে পাঁচ হাজারেরও বেশি তরমুজ হয়েছে। খেত ঘুরে পাইকারি ক্রেতারা তরমুজের দাম তিন লাখ টাকা বলে গেছেন। তরমুজখেতে প্রতিদিন পানি না দিলে একদিকে তরমুজ নষ্ট হয়ে যায়, অন্যদিকে লবণ পানিতেও গাছ বাঁচে না।’ছাতিয়ানপাড়া গ্রামের মো. ইব্রাহিম জানান, খেতে লবণ পানি উঠে যাওয়ায় তাঁর দুই হেক্টর জমির তরমুজগাছ এক দিনের মধ্যেই নেতিয়ে পড়েছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকা লোকসান হবে।