লবণ পানিতে পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতির আশঙ্কা
অমাবস্যার প্রভাবে ভোলার চরাঞ্চলে খেতে টানা চার-পাঁচ দিন লবণ পানি উঠে সব ফসল তলিয়ে যায়। এখন পানি নেমে যাওয়ার পর ফসলে পচন শুরু হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল নষ্টের আশঙ্কা করছে কৃষক।
সদর উপজেলার রামদাসপুর, কানি বগার চর, ভোলার চর, গাজীপুর চর, কাচিয়া মাঝের চর, চর চটকিমারা, চর নিউ হোসেন; দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর, হাজিপুর; তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন; মনপুরা উপজেলার চর কলাতলি; চরফ্যাশনের ঢালচর, কুকরি-মুকরিসহ শতাধিক চরের ফসল ডুবে গেছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এসব চরে পানি ওঠা শুরু করে।
সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন বলেন, ভোলা সদরের বিভিন্ন চরে সহস্রাধিক হেক্টরের ফসল ডুবে গেছে। এসব চরে লবণ পানিতে সয়াবিন, মরিচ ও ডাল-জাতীয় গাছের ক্ষতি হয়েছে।
সম্প্রতি দৌলতখানের মদনপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, চরের প্রায় সব জমিতে মুগ, মরিচ, সয়াবিন, তরমুজ, মিষ্টি আলু, বোরো ধান ও সবজির আবাদ করা হয়েছে। সব জমিতেই লবণ পানি উঠেছে। নিচু জমিতে এখনো পানি আছে। পানির রং কালো। পানি নেমে যাওয়ার পর ফসলের গাছ মরে যাচ্ছে। ফল ও ফসল পচে যাচ্ছে। পচন থেকে রক্ষা পেতে অনেক কৃষক কাঁচা অবস্থায় ফসল তুলছেন। পলিমাটি মাখানো পচা ফসল শুকাতে দিচ্ছেন। তা থেকেও গন্ধ বেরোচ্ছে।
চর পদ্মা এলাকার আবদুল খালেক (৬৭) বলেন, তিনি ৪৮০ শতক জমিতে সয়াবিন আবাদ করেছেন। ফলন দেখে খুশি হয়েছিলেন। কিন্তু ছয় দিন আগে ওঠা আগাম জোয়ারে লবণ পানি উঠে চরের সব ফসল ডুবিয়ে দেয়। পানি নেমে গেলে গাছ মরতে শুরু করে।
আবদুল খালেক বলেন, ‘সয়াবিন পাইকলে ঝনঝন করি শব্দ অয় বাতাসে। পাকোনের আগে উরপে লাল অইলেও বিতরে পচোন দোইরছে, হেরলাই তুলি হালাই। তিনের দুই আনাও গরোত নিতাম পারুম না মনোয়।’
চর টবগী গ্রামের নাছির উদ্দিন বলেন, তাঁর ১৬০ শতাংশ সয়াবিন, ৮০ শতাংশ ফেলন ডাল ও ৪০ শতাংশ মরিচখেত লবণ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।
মদনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমেদ চর পরিদর্শন করে বলেন, চরে প্রায় ৫ হাজার হেক্টরের ৮০ শতাংশ সয়াবিন। বাকি ২০ শতাংশ অন্যান্য ফসল। এসব খেতের ৬০ শতাংশ সয়াবিন, মুগ, ফেলন, মিষ্টি আলু ও মরিচ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, এটি দুর্যোগ। ভবিষ্যতে আউশ মৌসুমে জেলার ৮ হাজার ৩০০ কৃষককে ধানবীজ ও সার দেওয়া হবে। কৃষকদের কৃষিবিমা থাকলে হঠাৎ দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব ফসলের ক্ষতিপূরণ পেতেন।