লবণ প্রতি কেজি মাঠে ২ টাকা, বাজারে ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে উৎপাদিত প্রতি কেজি লবণ মাঠে বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা। আর সেই লবণ প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। একশ্রেণীর প্রভাবশালী লোক প্রান্তিক চাষিদের জিম্মি করে লবণের ব্যবসা চালাচ্ছেন। ফলে আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছেন জেলার প্রায় ৫৫ হাজার চাষি। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার খুরুশকুল গ্রাম গিয়ে দেখা গেছে, খোলা মাঠে বিপুল পরিমাণ লবণ পড়ে রয়েছে। টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থানেও একই চিত্র নজরে পড়ে। খুরুশকুলের চাষি সিরাজুল ইসলাম (৬৬) বলেন, কালবৈশাখীর কারণে কয়েক দিন লবণ উৎপাদন বন্ধ থাকলেও এখন পুনরায় বাম্পার উৎপাদন হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছেন। আগে প্রতি কেজি লবণ চার টাকায় বিক্রি হলেও এখন দুই টাকার বেশি পাওয়া যাচ্ছে না। তাই উৎপাদিত লবণ মাঠে ফেলে রাখা হচ্ছে। টেকনাফের রঙ্গিখালী গ্রামের চাষি নবী হোসেন (৫৫) ও কেরামত উল্লাহ (৪৫) বলেন, মিয়ানমার ও ভারত থেকে আসা লবণের কারণে স্থানীয়রা ক্ষতির শিকার হচ্ছেন। প্রতি কেজি লবণ দুই টাকায় বিক্রি করলে চাষিদের ৫০ পয়সা করে লোকসান হয়। অথচ প্রতি কেজি প্যাকেটজাত লবণ বাজারে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এটা দেখার কেউ নেই। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, গত বছরের ১ ডিসেম্বর থেকে জেলার প্রায় ৬১ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। ১৬ এপ্রিল পর্যন্ত এসব জমিতে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। ১৪ মে (মৌসুমের শেষ সময়) পর্যন্ত আরও দুই লাখ মেট্রিক টনের বেশি লবণ উৎপাদিত হতে পারে। কিন্তু দেশের একটি প্রভাবশালী মহল ভারত ও মিয়ানমার থেকে লবণ আনছে। তাই স্থানীয়ভাবে উৎপাদিত লবণের দাম কম দিচ্ছে। তাই অনেকে উৎপাদিত লবণ মাঠে ফেলে রেখেছেন। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে ১০ লাখ মেট্রিক টন লবণ পড়ে রয়েছে। বিসিক কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি বছর দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ২০ হাজার মেট্রিক টন। দেশের লবণের চাহিদা ১৫ লাখ ছয় হাজার মেট্রিক টন। ইতিমধ্যে লবণ উৎপাদন হয়েছে ১৪ লাখ ৩০ হাজার মেট্রিক টনের মতো। বিসিক লবণ উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ বলেন, আগামী ১৪ মে পর্যন্ত সময়ে লবণের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু লবণের দাম কমে যাওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিসিকের আরেক কর্মকর্তা বলেন, মাঠে লবণের দাম বাড়লে চাষিরা উপকৃত হন। কিন্তু পরিকল্পিতভাবে চাষিদের জিমিঞ্চ করে রাখেন বহু দালাল। বিভিন্ন লবণ মিল মালিক দালালের মাধ্যমে চাষিদের শর্ত সাপেক্ষে ঋণ, পলিথিন, ও জমি ইজারা দিয়ে থাকেন। ফলে উৎপাদিত লবণ চাষিদের নির্দিষ্ট মূল্যে দালালদের হাতে তুলে দিতে হয়। আর এই লবণ চড়া মূল্যে বাজারে ছেড়ে মুনাফাখোর কিছু ব্যবসায়ী লাভবান হচ্ছেন। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছ উদ্দিন বলেন, অসাধু একটি চক্র দেশে ঘাটতির কথা বলে বিদেশ থেকে লাখ লাখ টন লবণ নিয়ে এসে বাজার সয়লাব করছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদেশ থেকে লবণ আনা বন্ধ না করলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ২০-২৫ জন প্রভাবশালীর হাতে জেলার ৫৫ হাজার চাষি জিমিঞ্চ হয়ে পড়েছেন। দুই টাকার প্রতি কেজি লবণ প্যাকেটে ভরে কী করে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, তা অনুসন্ধান করা হচ্ছে।