কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই দেশের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে। তারপরও নানা অজুহাতে বিদেশ থেকে লবণ আমদানি করে স্থানীয় প্রান্তিক চাষিদের ক্ষতি করা হচ্ছে। লবণচাষি এবং মিলমালিকদের স্বার্থ সংরক্ষণে সরকারকে আন্তরিক হতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা, কার্যাবিলসহ বাণিজ্য প্রতিবিধান সম্পর্কে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ ট্যারিফ কমিশন, কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার শিল্প ও বণিক সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ রাশিদুল হাসান।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কক্সবাজার বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবু মোরশেদ চৌধুরী, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান (চলতি দায়িত্ব) রমা দেওয়ান, গবেষণা কর্মকর্তা মহিনুল করিম খন্দকার, ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী, কানন পাল, কক্সবাজার বরফ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, হোটেলমালিক কাজী মোর্শেদ আহমদ, কক্সবাজার শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাঁকড়া রপ্তানিকারক অং ছিং প্রমুখ।
আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সবাজারের প্রায় ৬২ হাজার একর জমিতে উৎপাদিত ১৮ লাখ মেট্রিক টন লবণ দিয়েই দেশের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে বিদেশ থেকে লবণ আমদানির কারণে স্থানীয় ৬০ হাজারের মতো প্রান্তিক লবণচাষি বাজারমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লবণচাষি ও লবণ মিলমালিকদের স্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসকের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশে উৎপাদিত নির্মাণসামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। নির্মাণসামগ্রীর ওপর রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়ার ব্যাপারে ট্যারিফ কমিশনের সহযোগিতা দরকার।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ভবিষ্যতে কক্সবাজারে প্রচুর বিনিয়োগ হওয়ার ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কক্সবাজারের ব্যবসায়ী মহলের বাণিজ্য নীতিমালা এবং ট্যারিফ কমিশনের কার্যাবলি সম্পর্কে সক্ষমতা অর্জন করা সময়ের দাবি। মুক্তবাজার অর্থনীতিতে বিদেশি পণ্য যাতে স্থানীয় বাজার দখল করতে না পারে, সেদিকে নজরদারি দরকার। পাশাপাশি স্থানীয় শিল্প ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।
ট্যারিফ কমিশনের সদস্য মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, কক্সবাজারে এই প্রথম ব্যবসায়ীদের সঙ্গে কমিশনের মতবিনিময় হচ্ছে। ট্যারিফ কমিশন কী, কমিশনের ভূমিকা কী, অনেক ব্যবসায়ী তা অবগত নন। ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সহায়ক শক্তি হারাবে কাজ করে। পাশাপাশি স্থানীয় শিল্প এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করাও এ ট্যারিফ কমিশনের প্রধান কাজ। ব্যবসায়ীরা প্রয়োজন মনে করলে জাতীয় স্বার্থে উৎপাদিত, আমদানি ও রপ্তানিপণ্যের ওপর করারোপ অথবা অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ট্যারিফ কমিশনের কাছে মতামত পাঠানোর সুযোগ রয়েছে। কক্সবাজারের ব্যবসায়ী মহল সার্বক্ষণিক এ সুযোগ গ্রহণ করতে পারবে।