লবণবাহী ট্রাকে ইয়াবা, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লবণবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা–পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে ট্রাকচালক সাদ্দাম হোসেন (২৫) ও সহকারী আবুল হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, কক্সবাজারের টেকনাফ থেকে একটি লবণবাহী ট্রাক নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তুলাতুলি এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম