লবণসহিষ্ণু জাতের দেশীয় পাট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণসহিষ্ণু দেশীয় জাতের পাট উদ্ভাবন করেছেন পাট গবেষকেরা৷ পরীক্ষামূলকভাবে এ বছর ওই সব জাতের পাট চাষ করে সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন তাঁরা৷ তাঁদের আশা, ওই জাতের পাট চাষ করে হেক্টরপ্রতি সাড়ে তিন মেট্রিক টন পাট পাওয়া যাবে৷
গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত কৃষক মাঠ দিবসে এসব তথ্য তুলে ধরেন গবেষকেরা৷
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মাঠ দিবসের আয়োজন করে৷ এতে সাতক্ষীরার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক অংশ নেন৷
পাট গবেষক মাকসুদুল আলমের সভাপতিত্ব মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (কৃষি) মোহাম্মদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন লবণসহিষ্ণু পাট জাতের উদ্ভাবক হালিমা খাতুন ও মাহমুদ আল হোসেন, কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ৷
মাঠ দিবসে বক্তারা বলেন, দেশের উপকূলবর্তী ১৮টি জেলার ২৮ দশমিক ৫ লাখ হেক্টর জমির মধ্যে ১০ দশমিক ২০ লাখ হেক্টর জমিতে বিভিন্ন মাত্রায় লবণাক্ততার কারণে বছরে আমন ধান ছাড়া (একটির বেশি ফসল) অন্য কোনো ফসল হচ্ছে না৷ অন্য দুটি মৌসুমে অধিকাংশ জমি পতিত পড়ে থাকে৷ ফলে পাট গবেষকেরা পতিত এসব লবণাক্ত জমিতে পাট চাষ করতে লবণসহিষ্ণু দেশীয় জাতের পাট উদ্ভাবন করেন৷ দুই বছরের মধ্যে কৃষক পর্যায়ে এসব জাত ছড়িয়ে দেওয়া হবে বলে তাঁরা জানান৷
বক্তারা বলেন, বীজ বপনের ১০০ থেকে ১২০ দিনে মধ্যে পাট কাটা যাবে৷ ফলে উপকূলীয় এলাকার প্রান্তিক কৃষকেরা এই জাত ব্যবহার করে অধিক লাভবান হতে পারবেন৷