লবণসহিষ্ণু জাতের ধান লাগিয়ে কৃষকের উন্নতি সম্ভব
বৃহত্তর খুলনা অঞ্চলের মধ্যম এবং উচ্চ লবণাক্ত এলাকায় বোরো মৌসুমে বিনা-১০ এবং আমন মৌসুমে বিরি ৪১, ৫৩ ও ৫৪ জাতের লবণসহিষ্ণু জাতের ধান লাগিয়ে কৃষকের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। উন্নত প্রযুক্তির সহায়তায় মাছ চাষ ও আমন-সরিষা, সূর্যমুখী-বোরো শস্য বিন্যাস ঘটালে এ অঞ্চলের কৃষক লাভবান হবে। এখানে বারি গম-২৫ চাষাবাদও সম্ভব। সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশের (সিসা বিডি) প্রকল্প সমাপনী কর্মশালায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
গতকাল সিসা-বিডির উদ্যোগে ইউএসএআইডির আর্থিক সহায়তায় নগরের একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ২০১০ সাল থেকে প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ২৫ হাজারের বেশি কৃষকের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে। এ প্রকল্পে ওয়ার্ল্ড ফিশ, সিমিট ও ইরি একত্রে কাজ করছে।
সিসা-বিডি প্রকল্পের চিফ অব পার্টি টিমোথি রাসেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপপরিচালক ভূপেশ কুমার মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক মনিরুজ্জামান, সিসা এমআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুব্রত কুমার চক্রবর্তী, সিসা-ওয়ার্ল্ড ফিশের প্রকল্প লিডার মোকাররম হোসাইন। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি ও মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।