লবণসহিষ্ণু ধানের জাত উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দশকে দেশে ধানের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে। তার পরও দেশে খাদ্যের কিছুটা ঘাটতি রয়েছে। লবণসহিষ্ণু ধানসহ বিভিন্ন সবজির জাত উদ্ভাবন করে লবণাক্ততার কারণে পতিত প্রায় এক মিলিয়ন হেক্টর জমিতে চাষ করতে পারলে খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত খাদ্যশস্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে।গতকাল বুধবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বীজ সম্মেলন ও জাতীয় বীজমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিজ্ঞানীরা এ কথা বলেছেন। এবারই প্রথম রাজধানী ঢাকার বাইরে সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এবং কৃষি মন্ত্রণালয়ের সিড উইংয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক।সম্মেলনে বক্তারা বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আবাদযোগ্য জমির পরিমাণ কমছে। দেশীয় প্রজাতির প্রায় সাড়ে নয় হাজার ধানের জিনকোড, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ও বংশপরিচয় না থাকায় এসব ধানের মালিকানা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এসব বিবেচনায় রেখে খাদ্যের চাহিদা পূরণে মানসম্পন্ন বীজ উৎপাদনের লক্ষ্যে দেশের গবেষক ও বিজ্ঞানীদের একযোগে কাজ করতে হবে।বীজমেলা আয়োজক কমিটির আহ্বায়ক এম এ রহিমের সভাপতিত্বে উপাচার্য রফিকুল হকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাইন ওয়াল ইউনিভার্সিটি অব অ্যাপলায়েড সায়েন্স, জার্মানির লাইফ সায়েন্স অনুষদের ভাইস ডিন নিকোলি ওয়ারজ, কৃষি মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য শওকত মোমেন শাজাহান, পরিকল্পনা কমিশনের (কৃষি) সদস্য এম এ সাত্তার মণ্ডল এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এফ আর মালিক প্রমুখ।কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোনো সমাবর্তন প্যান্ডেলে ৭০টিরও বেশি বীজ উৎপাদনকারী দেশি-বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান জাতীয় বীজমেলায় অংশ নেয়। সম্মেলনে বিশ্বের ১২টি দেশের শতাধিক গবেষক ও কৃষিবিজ্ঞানী অংশ নিয়েছেন।এসিআই জব ফেয়ার: জাতীয় বীজমেলায় বহুজাতিক প্রতিষ্ঠান এসিআই জব ফেয়ারের আয়োজন করেছে। এই ফেয়ারের মধ্য দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক করা ১০০ শিক্ষার্থীকে তাঁদের কোম্পানিতে চাকরি দেওয়া হবে বলে এসিআই কর্তৃপক্ষ জানিয়েছেন।