লবণাক্ত জমিতে বারি-৭২ জাতের আলু চাষে সাফল্য
সাতক্ষীরায় লবণাক্ত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু বারি-৭২ জাতের আলুর বীজ কৃষক পর্যায়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক রোপণ করে সফলতা পাওয়া গেছে।
এ জাতের আলু চাষ করে হেক্টরপ্রতি প্রায় ৪০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। সাধারণ জাতের আলুর চেয়ে ফলন হয়েছে প্রায় দ্বিগুণ। রোপণের ৯০ দিনের মধ্যে বারি-৭২ জাতের এ আলু উৎপাদন করা সম্ভব হয়েছে।
আলু গবেষক সাজ্জাদুল ইসলাম জানান, নতুন উদ্ভাবিত বারি-৭২ জাতের আলু উচ্চ ফলনশীল ও লবণাক্ত সহিষ্ণু। ১০-১২ ডিএস পার মিটার লবণাক্ত জমিতে এই আলু চাষ করা সম্ভব। এ বছর দেশের ৮০ জন কৃষকের মধ্যে এ জাতের বীজ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ২০ জন কৃষককে দেওয়া হয়েছে এই বীজ। সব জমিতেই বাম্পার ফলন হয়েছে। এই জাতের আলু দেখতে লালচে ও খেতে সুস্বাদু। ফলে বাজারে এর চাহিদা অন্য আলুর চেয়ে অনেক বেশি।
গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় মাঠে বারি-৭২ জাতের আলুর উপযোগিতা যাচাই ও কৃষক পর্যায়ে সম্প্রসারণের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ বিভাগ যৌথভাবে এই মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দেন বারি কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরএআরএস যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বাবুল আনোয়ার, আলু গবেষক সাজ্জাদুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, সহকারী বৈজ্ঞানিক এস এম মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনেপোতা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী আহমদ ফকির। মাঠ দিবসে বিভিন্ন এলাকার ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মাঠ দিবসের প্রধান অতিথি বিমল চন্দ্র কুণ্ডু বলেন, বেশ কয়েক বছর গবেষণার পর ২০১৬ সালে বারি-৭২ জাতের আলুর বীজ কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। জাতটি উচ্চ ফলনশীল, তাপ ও লবণাক্ত সহিষ্ণু। জাতটি উদ্ভাবনে ইউএসএআইডি আর্থিক সহযোগিতা দিয়েছে। আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র (সিআইপি) ও কৃষি সম্প্রসারণ বিভাগ যৌথভাবে উদ্ভাবন কার্যক্রম পরিচালনা করেছে। জাতটি উদ্ভাবনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে আলু চাষ ব্যাপকভাবে করা সম্ভব হবে।